বিজ্ঞান মনস্ক জাতি গঠনে বিজ্ঞান জাদুঘরে প্রশিক্ষণ

৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:৪৭  

বিজ্ঞান মনস্ক জাতি গঠনে প্রশিক্ষণ কর্মসূচি পালন করলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। মঙ্গলবার জাদুঘরের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ গ্রহণ করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সকল কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মফিজুর রহমান। আলোচনায় প্রাতিষ্ঠানিক পরিবেশ, কর্মকর্তা-কর্মচারীদের কর্ম তৎপরতা, দর্শক সেবার মান, আধুনিক বৈজ্ঞানিক উদ্ভাবন ইত্যাদি বিষয়ে দীর্ঘ পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি।

এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “সরকারি দপ্তর হিসেবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সততা, শৃংখলা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে কর্তৃপক্ষ সদা সচেষ্ট। প্রশাসনিক ব্যবস্থাপনায় এবং জনসেবায় আমরা সর্বোচ্চ দক্ষতা, জবাবদিহিতা ও শুদ্ধতা প্রতিষ্ঠায় কঠোরভাবে দৃঢ় প্রতিজ্ঞ।”

তথ্য অধিকার বিষয়ে ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই কর্মশালা পালন করা হয়।